মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে রাঙ্গাবালীর জেলে নিখোঁজ, আহত ৩

হোম » জেলে-মৎস্য » বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে রাঙ্গাবালীর জেলে নিখোঁজ, আহত ৩
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

রুবেল হাওলাদার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়াসংলগ্ন গনির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ট্রলার মাঝির নাম রুবেল হাওলাদার (২৮)। তিনি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, নিজ মালিকানাধীন ট্রলার নিয়ে রুবেল হাওলাদার আরও তিন জেলেকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তিনি ট্রলার থেকে রাবনাবাদ চ্যানেলে পড়ে নিখোঁজ হন।

 

এ সময় ট্রলারে থাকা বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের শাহাদাত মৃধা, একই গ্রামের রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার নাসির ভূইয়া বজ্রপাতে আহত হন। বজ্রপাতের পর তারা কিছু সময় ট্রলারে অচেতন অবস্থায় ছিলেন। পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। মঙ্গলবার শেষ বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাটির বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

 

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান পরিচালনার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:৪২ ● ২৩ বার পঠিত