মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রবেশপত্রে বিষয়ের ভুল, এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থী; শিক্ষা জীবন নিয়ে শঙ্কা
হোম » শিক্ষা » প্রবেশপত্রে বিষয়ের ভুল, এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থী; শিক্ষা জীবন নিয়ে শঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডে অমিল থাকায় বরিশালের মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। সোমবার (১৩ জুলাই) যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্র থেকে ফিরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় তার শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী রিপা দেওয়ান উপজেলার উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের দিনমজুর ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।
জানা গেছে, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সময়ে প্রবেশপত্র জমা দিলে দায়িত্বপ্রাপ্তরা দেখতে পান, রিপার প্রবেশপত্রে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকর্ম বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে। বোর্ডের বিধি অনুযায়ী পরীক্ষার বিষয়ের সঙ্গে প্রবেশপত্রের বিষয় ও কোডের মিল না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
রিপা দেওয়ান দাবি করেন, তিনি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছেন এবং কলেজের টেস্ট পরীক্ষাও ওই বিষয়েই দিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষার দুই দিন আগে প্রবেশপত্র হাতে পেলেও বিষয় পরিবর্তনের বিষয়টি খেয়াল করিনি। সমাজকর্মের বইও কিনিনি, পড়াশোনাও করিনি। এখন বাবা-মায়ের কাছে কীভাবে মুখ দেখাব? কলেজের শিক্ষকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেন না কেন?’
রিপার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, ‘আমি দিনমজুর মানুষ। অনেক কষ্ট করে মেয়েকে পড়ালেখা করাচ্ছি। একটি ভুলের কারণে আজ আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
একই কেন্দ্রের এক পরীক্ষার্থীর মা আখি চৌধুরী বলেন, ‘আমার মেয়ে পরীক্ষা দিলেও রিপা দিতে পারেনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর ন্যায়সংগত সমাধান হওয়া উচিত।’
পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘পরীক্ষার দিনের বিষয়ের নাম ও কোড শিক্ষার্থীর প্রবেশপত্রে ছিল না। বোর্ডের বিধি অনুযায়ী তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া সে রেজিস্ট্রেশন কার্ডও সঙ্গে আনেনি।’
অভিযোগের বিষয়ে উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয় বণ্টনের সময় যে রেজিস্টারে শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়েছে, সেখানে সমাজকর্ম বিষয়ই উল্লেখ রয়েছে। এখন সে যদি যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে চায়, সে দায় কলেজের নয়। তবে সময় থাকতে বিষয়টি আমাদের জানালে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া যেত। এখন তাকে সমাজকর্ম বিষয়েই পরীক্ষা দিতে হবে।’
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি কোনো প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ত্রুটি হয়ে থাকে, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ১০:৫৬:৫২ ● ২৯ বার পঠিত
