রবিবার ● ১২ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার দিন পর জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও একজন
হোম » জেলে-মৎস্য » বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার দিন পর জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও একজন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপকূলের বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের একজনের মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত জেলে কালাম পাইকারের মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন অপর জেলে মো. শহীদ।
শনিবার সকালে তালতলী উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা একটি ডুবে যাওয়া ট্রলার ভাসতে দেখেন। ট্রলারটির কেবিনে তল্লাশি চালিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে তারা ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্রের ট্রলার মালিক সমিতিকে খবর দেন। পরে একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সন্ধ্যার পর ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে আসে। সেখানে স্বজনরা মরদেহটি কালাম পাইকারের বলে শনাক্ত করেন।
এর আগে গত ৭ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি ট্রলার ডুবে যায়। ট্রলার দুটিতে থাকা ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও কালাম পাইকার ও মো. শহীদ নিখোঁজ ছিলেন। চার দিন পর কালামের মরদেহ উদ্ধার হলেও শহীদের কোনো সন্ধান এখনও মেলেনি।
ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, নিখোঁজ দুই জেলের মধ্যে কালাম পাইকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর জেলে শহীদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সমুদ্রে এ ধরনের দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিখোঁজ জেলের সন্ধানে খোঁজখবর অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৫১ ● ২৭ বার পঠিত
