রবিবার ● ১২ জুলাই ২০২৬
দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, সচেতনতায় গুরুত্বারোপ
হোম » পটুয়াখালী » দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, সচেতনতায় গুরুত্বারোপ
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি প্রতিপাদ্যে আয়োজিত সভায় বক্তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. জি এম এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন এবং দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ ছাড়া লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে কার্যকর পরিবার পরিকল্পনা, মানসম্মত মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:১০ ● ১২ বার পঠিত
