রবিবার ● ১২ জুলাই ২০২৬
গৌরনদীর খাঞ্জাপুরে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০ গাছের চারা রোপণ
হোম » বরিশাল » গৌরনদীর খাঞ্জাপুরে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০ গাছের চারা রোপণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
কর্মসূচির আওতায় ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মাদ্রাসায় আম, কাঁঠাল, তাল, কৃষ্ণচূড়া, বরই, নিম, আমড়া, বকুল, নারিকেল ও জলপাইসহ ১০ প্রজাতির প্রায় ২০০টি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সমন্বয় ও নেতৃত্ব দেন এ্যাবের কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার। কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন প্রবাসী বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার।
আয়োজকরা জানান, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও সফলভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৬ ● ৪১ বার পঠিত
