বুধবার ● ৮ জুলাই ২০২৬
দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, দুই দফা দাবিতে মানববন্ধন
হোম » পটুয়াখালী » দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, দুই দফা দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে দুই দফা দাবিতে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মরত কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাকঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চরবয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটুসহ অন্যান্য কর্মচারীরা।
বক্তারা বলেন, চাকরি জাতীয়করণ এবং বর্তমান ভাতা তিন গুণ বৃদ্ধির দাবিতে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। তাদের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ভূমিকা রাখলেও বর্তমানে তারা বৈষম্যের শিকার। বিভাগীয় কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা মাসে মাত্র ৪ হাজার ৪৬০ টাকা সম্মানী পান, যা দিয়ে সংসার পরিচালনা ও সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই বিভাগীয় কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করে চাকরি জাতীয়করণের দাবি জানান তারা।
কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে দুমকি উপজেলার ডাকঘর কর্মচারীরা দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৮ ● ২১ বার পঠিত
