বুধবার ● ৮ জুলাই ২০২৬

নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ; আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

হোম » জেলে-মৎস্য » নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ; আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ; আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি আড়ত থেকে প্রায় ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথকাঠী বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাপ্রাপ্ত উত্তম কুমার মণ্ডল জগন্নাথকাঠী বন্দরের মনীষা ফিশিং হাউসের আড়তদার।

 

জানা গেছে, বুধবার সকালে উপজেলার মৈশানী এলাকার মাসুদ গাজী জগন্নাথকাঠী বাজারের রঞ্জিতের মাছের দোকান থেকে এক কেজি চিংড়ি মাছ ৭৫০ টাকায় কেনেন। বাড়িতে নিয়ে মাছ কাটার সময় তিনি মাছের ভেতরে জেলি পুশ করা হয়েছে বলে দেখতে পান। বিষয়টি প্রশাসনকে জানানো হলে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

 

অভিযানে মনীষা ফিশিং হাউস থেকে প্রায় ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী আড়তদার উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৩ ● ২৬ বার পঠিত