বুধবার ● ৮ জুলাই ২০২৬

কলাপাড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন; ভোটার তালিকায় শত শত ‘ভুয়া ভোটার’ অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন; ভোটার তালিকায় শত শত ‘ভুয়া ভোটার’ অভিযোগ
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

দুই সভাপতি প্রার্থী যথাক্রমে নাজমুল ইসলাম ও শফিকুল হক পনির। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১০ জুলাই (শুক্রবার)। নির্বাচনকে ঘিরে পৌর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ভোটার তালিকায় বিপুল সংখ্যক অব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচনকে ঘিরে সমালোচনাও দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তালিকায় শত শত ‘ভুয়া ভোটার’ রয়েছে, যা নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

 

জানা গেছে, ২০১৫ সাল থেকে সমিতিটি নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এবার কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ হাজার ৩৭৮ জন। ১২টি পদের মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো. খালেক খান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ উদ্দিন। বাকি ১০টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজমুল ইসলাম ও শফিকুল হক পনির। সিনিয়র সহ-সভাপতি পদে মো. নিজাম উদ্দীন ও মো. রেহান উদ্দিন, সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (আজাদ), মো. রহিমুল হক হিরা ও মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ মুহাম্মদ রাসেল ও মো. জহিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আমানুল ইসলাম ও মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আক্তার হোসেন তালুকদার ও মো. খালাসি জামাল, অর্থ সম্পাদক পদে মো. আব্দুর রহমান ও মো. মমিন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোনাসেফ খান ও কাজী মো. সোহেল এবং সদস্য পদে মো. আলমগীর হোসেন, মো. খোকন মোল্লা, মো. মাসুদ, মো. জহিরুল ইসলাম ও হৃদয়কৃষ্ণ মণ্ডল টোটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

নির্বাচন উপলক্ষে পৌর শহরজুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও সৎ নেতৃত্বই সমিতির উন্নয়ন নিশ্চিত করবে।

 

তবে সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, ভোটার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের দৃশ্যমান কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। বিভিন্ন দোকানের কর্মচারীদেরও ভোটার করা হয়েছে। তাঁদের ভাষ্য, এ ধরনের ভোটার কয়েকশ থেকে পাঁচ শতাধিক হতে পারে। এতে প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে।

 

একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কিন্তু যাদের দৃশ্যমান ব্যবসা নেই বা যারা শুধু কর্মচারী, তারা কীভাবে ভোটার হয়েছেন- এ প্রশ্নের জবাব প্রয়োজন। এতে ব্যবসায়ী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

 

কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন বলেন, ‘এবারের ভোটার তালিকা স্বচ্ছ নয় এবং এতে ত্রুটি রয়েছে। নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্সের পাশাপাশি দৃশ্যমান ব্যবসা থাকতে হবে। কিন্তু তালিকায় এমন অনেকে রয়েছেন, যারা প্রকৃত ব্যবসায়ী নন। এতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ব্যাহত হতে পারে। ভোটার তালিকা আরও যাচাই-বাছাই করা উচিত ছিল।’

 

এ বিষয়ে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন-২০২৬ এর নির্বাচন কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা কাজ করছি। ভুয়া ভোটার নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৫ ● ৩৪ বার পঠিত