বুধবার ● ৮ জুলাই ২০২৬

গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।

 

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা বিএনপির সদস্য এস. এম. মনিরুজ্জামান এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাস, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বাটাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, সাংবাদিক নাঈমুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, ‘উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

 

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদার এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫৯ ● ৩৩ বার পঠিত