মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা
হোম » কুয়াকাটা » কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকার সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সমুদ্রসৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। আগামীকাল বুধবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয় বাসিন্দা সেরাজুল জানান, মঙ্গলবার বিকেলে গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে স্থানীয়রা পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি সাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:২৮:৫৮ ● ৩৫ বার পঠিত
