মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬

গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

 

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে শোভা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের ভাই বাদী হয়ে স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযানে মোশারফকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত মোশারফ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। তিনি যশোর সদর উপজেলার ইসলামপুর এলাকার বাবুল সরকারের ছেলে। নিহত শোভা আক্তার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। স্বামীর সঙ্গে তিনি গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকীর চর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌমেন বিশ্বাস বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী সোমবার (৬ জুন) ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মোশারফ বাসা থেকে বেরিয়ে যান। পরে সকাল সাড়ে ৭টার দিকে ওই বাসা থেকে শোভার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে শোভা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

এসআই সৌমেন বিশ্বাস আরও বলেন, নিহতের ভাই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার (৭ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০:১৮:৩৫ ● ১১৩ বার পঠিত