মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬

আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে পিতা-পুত্রসহ আহত ৪

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে পিতা-পুত্রসহ আহত ৪
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


আগৈলঝাড়ায় ইউপি সদস্যকে ঘিরে সংঘর্ষের অভিযোগ, পিতা-পুত্রসহ আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে পিতা-পুত্রসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের নতুন কালীবাড়ী বাজারে বাদশা আকন ট্রেডার্সের সামনে উপেন পান্ডে (৫৫) ও তাঁর ছেলে মানিক পান্ডে (৩৫)-এর ওপর হামলার ঘটনা ঘটে। উপেন পান্ডের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়ের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে মন্টু রায় (৩৬)সহ আরও দুজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপেন পান্ডে, তাঁর ছেলে মানিক পান্ডেসহ তিনজনকে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপেন পান্ডের মেয়ে মুক্তা পান্ডে বাদী হয়ে সোমবার রাতেই ইউপি সদস্য প্রদীপ রায়কে প্রধান অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য প্রদীপ রায় বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৪ ● ২৭ বার পঠিত