সোমবার ● ৬ জুলাই ২০২৬

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, কন্যা আহত

হোম » বরগুনা » বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, কন্যা আহত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু, কন্যা আহত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার সদর উপজেলায় চার্জে বসানো অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের একমাত্র মেয়ে গুরুতর আহত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফুলঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডালভাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা বেগম। আহত হয়েছেন তাদের মেয়ে আরিফা। একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল নিজ বাড়িতে একটি গরুর খামার নির্মাণ করেছেন। খামারের ছাউনির টিন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে বরগুনা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়িতে চার্জে রাখা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে গেলে স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবা-মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাদের মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরিফার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেল্লাল ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৯ ● ২৫ বার পঠিত