সোমবার ● ৬ জুলাই ২০২৬

মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

হোম » ভোলা » মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
সোমবার ● ৬ জুলাই ২০২৬


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসেরহাট সংলগ্ন মোল্লা বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই বাড়ির বাসিন্দা ও তাদের আত্মীয় আল আমিন। স্বামী সৌদি আরবে থাকায় ওই নারী শাশুড়ির সঙ্গে বসবাস করতেন। অভিযোগে বলা হয়, আল আমিন প্রায়ই গভীর রাতে জানালার পাশে এসে দরজা খুলতে বলতেন এবং পথে-ঘাটে উত্যক্ত করতেন। এতে আতঙ্কিত হয়ে একপর্যায়ে ওই নারী বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, শাশুড়ির অসুস্থতার কারণে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে চিকিৎসার জন্য শাশুড়ি ঢাকায় গেলে গত ১২ জুন রাত ১২টার পর আল আমিন স্বামীর মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযোগ দায়েরের প্রস্তুতি নিলে অভিযুক্ত ও তার সহযোগীরা বিষয়টি প্রকাশ না করতে হুমকি দেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (৫ জুলাই) ভুক্তভোগী নারী চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চরফ্যাশন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভুক্তভোগীর আত্মীয় মাওলানা নুর মোহাম্মদ মোল্লা দাবি করেন, আল আমিন দীর্ঘদিন ধরে এলাকার নারীদের উত্যক্ত করে আসছেন। প্রতিবাদ করলে হামলা-মামলার ভয় দেখান।

একই এলাকার বাসিন্দা আবুল কালাম মোল্লা বলেন, আল আমিন খুবই বেপরোয়া। ধর্ষণচেষ্টার ঘটনাটি সত্য। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে।

 

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৮:২৯:২৭ ● ১৭ বার পঠিত