সোমবার ● ৬ জুলাই ২০২৬
নেছারাবাদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
হোম » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, ঋণ বিতরণ, চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেছারাবাদ উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির অগ্রগতি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) সভাপতি মো. বেলায়েত হোসেন।
এ ছাড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সদস্য কাওসার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তারা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের এক সদস্যের মধ্যে ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৩:১৮:০৫ ● ৩৬ বার পঠিত
