রবিবার ● ৫ জুলাই ২০২৬
জিয়ানগরে শিশু নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ
হোম » পিরোজপুর » জিয়ানগরে শিশু নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগরে ঘরের জানালা ভেঙে ফাহিম খান (৪) নামে এক শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ( ০৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফাহিম খান কালাইয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু খানের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, রাতে শিশুটির দাদি রেকসনা বেগম, বড় বোন আরিফা ও ফাহিম একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালা ভেঙে শিশুটিকে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানালাটি ভাঙা দেখতে পেয়ে তারা অপহরণের অভিযোগ করেন। ঘটনার সময় শিশুটির বাবা চাকরির কারণে ঢাকায় ছিলেন বলে জানা গেছে।
শিশুটির দাদি রেকসনা বেগম বলেন, ভোরে ঘুম ভেঙে দেখি ফাহিম পাশে নেই। পরে দেখি ঘরের পেছনের জানালা ভাঙা। আমার নাতিকে ফিরে পেতে চাই।
শিশুটির মা সুরাইয়া আক্তার বলেন, স্বামীর সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল এবং সম্প্রতি তিনি তালাকের নোটিশ পেয়েছেন। তার দাবি, আমার সন্দেহ, সন্তানকে নিয়ে অপহরণের নাটক সাজানো হয়েছে। আমি আমার সন্তানের সন্ধান চাই।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনা অপহরণ কি না, নাকি অন্য কোনো কারণে সে নিখোঁজ হয়েছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:৫২:৪৪ ● ১৩ বার পঠিত
