রবিবার ● ৫ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৮ কেজির কালো পোয়া, বিক্রি ৫০ হাজার টাকায়

হোম » কুয়াকাটা » বঙ্গোপসাগরে ধরা পড়ল ৮ কেজির কালো পোয়া, বিক্রি ৫০ হাজার টাকায়
রবিবার ● ৫ জুলাই ২০২৬


বঙ্গোপসাগরে ধরা পড়ল ৮ কেজির কালো পোয়া, বিক্রি ৫০ হাজার টাকায়সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি মূল্যবান কালো পোয়া মাছ। রোববার দুপুরে আলীপুর মৎস্য বন্দরের নিলামে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে শনিবার রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি। অন্যান্য মাছের সঙ্গে তার জালে ধরা পড়ে কালো পোয়া বা স্থানীয় ভাষায় ‘লম্বু পোয়া’ নামে পরিচিত মাছটি।

রোববার দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে, কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছটি পাওয়া জেলে রহিম মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে এত দামী মাছ পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়া মাছের সুইম ব্লাডার (বায়ুথলি) অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদরও অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন।

 

তিনি আরও বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৬ ● ১৫ বার পঠিত