রবিবার ● ৫ জুলাই ২০২৬

তালতলীতে বন বিভাগের গাছ কাটার মামলায় ইউপি সদস্যসহ পাঁচজন কারাগারে

হোম » বরগুনা » তালতলীতে বন বিভাগের গাছ কাটার মামলায় ইউপি সদস্যসহ পাঁচজন কারাগারে
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে বন বিভাগের গাছ কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার সকিনা বিটের নিদ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণের অভিযোগে সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ আকন, মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মো. নেকিয়ার হোসেনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ এপ্রিল তালতলী সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল তালতলী থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা বন বিভাগের জমির গাছ ও মাটি কেটে অবৈধভাবে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেছেন।

 

রোববার মামলার পাঁচ আসামি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তালতলী বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল বলেন, আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে স্থাপনা ও রাস্তা নির্মাণ করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আদালত ওই মামলায় তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু বকর বলেন, বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩০ ● ১৫ বার পঠিত