রবিবার ● ৫ জুলাই ২০২৬
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারেই দেশ কলঙ্কমুক্ত হবে: পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুর
হোম » রাজনীতি » জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারেই দেশ কলঙ্কমুক্ত হবে: পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। তিনি বলেন, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যে বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার বিচার নিশ্চিত করা হবে। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির প্ররোচনায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে চাইলে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করা অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করা যেতে পারে।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তার স্ত্রী মোসা. মারিযা আক্তার, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৫০ ● ৩০ বার পঠিত
