রবিবার ● ৫ জুলাই ২০২৬
ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা; মা-ছেলে গ্রেপ্তার
হোম » লিড নিউজ » ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা; মা-ছেলে গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
ভিক্ষুক পরিচয়ে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট এবং হত্যাচেষ্টার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামে। গুরুতর আহত সাফিয়া খাতুন (৭০) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন একই ইউনিয়নের বুখাইনগর ইছাগুড়া গ্রামের রুমা বেগম (৪৫) ও তার ছেলে মো. শাকিল (২৪)। এ ঘটনায় আহত বৃদ্ধার ভাই আশরাফ আলী সিকদার বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম রোববার (৫ জুলাই) সকালে সাবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত নারীকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার বাদী আশরাফ আলী সিকদার জানান, পাঁচদিন আগে রুমা বেগম নিজেকে ঝালকাঠির বাসিন্দা, অসহায় ও ভিক্ষুক পরিচয় দিয়ে সাফিয়া খাতুনের বাড়িতে রাতযাপনের জন্য আশ্রয় চান। সরল বিশ্বাসে সাফিয়া খাতুন তাকে বাড়িতে থাকতে দেন। পরদিন সকালে তিনি ভিক্ষাবৃত্তির কথা বলে চলে যান।
এজাহার সূত্রে জানা গেছে, ১ জুলাই রাত ৮টার দিকে রুমা বেগম দুটি কাপ আইসক্রিম নিয়ে আবারও সাফিয়া খাতুনের বাড়িতে আসেন এবং রাত কাটানোর অনুমতি চান। এ সময় তার ছেলে শাকিল বাড়ির আশপাশে অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে।
আইসক্রিম খাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে সাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে শাকিল ঘরে প্রবেশ করেন। পরে রুমা বেগম তার গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেন। কানের দুল খোলার সময় বিষয়টি টের পেয়ে বৃদ্ধা বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে মা-ছেলে স্বর্ণালংকার ছিনিয়ে নেন।
অভিযোগে বলা হয়েছে, স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় সাফিয়া খাতুন চিৎকার শুরু করলে ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ওসি আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাফিয়া খাতুন বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে ভিক্ষুক পরিচয়ে আশ্রয় নিয়ে এ অপরাধ সংঘটিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৮ ● ১৬ বার পঠিত
