রবিবার ● ৫ জুলাই ২০২৬

কুয়াকাটায় পাঠানোর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিরোধ, গৃহবধূর লাশ উদ্ধার

হোম » বরিশাল » কুয়াকাটায় পাঠানোর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিরোধ, গৃহবধূর লাশ উদ্ধার
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

নিহত ময়না বেগম। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

স্বামীর দেওয়া কুয়াকাটায় যাওয়ার কু-প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত ময়না বেগম (৩০) বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা এবং মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী।

 

নিহতের ছোট বোন সাথী বেগম অভিযোগ করেন, মৃত্যুর আগে তার বোনের সঙ্গে স্বামীর বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে তাদের শেষ কথা হয়। তখন ময়না তাকে জানান, তার স্বামী রুবেল তাকে দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে বলছেন। তবে তিনি এতে রাজি নন।

 

সাথী বেগমের ভাষ্য, ওই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তার ধারণা, মানসিক চাপে পড়ে ময়না আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

 

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কোনো কাজে রাজি না হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৩৫ ● ৬১৪ বার পঠিত