শনিবার ● ৪ জুলাই ২০২৬

চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৩

হোম » ভোলা » চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৩
শনিবার ● ৪ জুলাই ২০২৬


চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তার স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি অভিযোগ করেন, বাড়ি-সংলগ্ন বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। শুক্রবার কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, নাসির, রুবেল, হারুনসহ অন্তত ১২ জন ওই জমি ও পুকুর দখল করে মাছ ছাড়ার চেষ্টা করেন।

তিনি বলেন, আমি ও পরিবারের নারী সদস্যরা বাধা দিলে তারা দা, সেঁনি ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, আমার গর্ভবতী স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রী আহত হই। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ইব্রাহিম খলিল আরও দাবি করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তা সত্ত্বেও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করছে এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে।

তবে অভিযুক্ত কামাল মেম্বার হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জমিটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হামলার অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৫ ● ২৫ বার পঠিত