বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬

তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

হোম » বরগুনা » তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬


তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী

বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামে কৃষ্ণচূড়া গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রুবেল খাঁন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল খাঁন উপজেলার চামোপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ ব্যবসায়ী চাঁন মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খাঁনের একটি গাছ ক্রয় করেন। বৃহস্পতিবার গাছটি কাটার জন্য চামোপাড়া গ্রামের জুলমত খাঁন ও তাঁর দুই ছেলেসহ নয়জন শ্রমিক সেখানে কাজ করতে যান।

দুপুরে একটি কৃষ্ণচূড়া গাছ আংশিক কাটার পর পুকুরে পড়ে থাকা ডালপালা সরানোর কাজ করছিলেন রুবেল খাঁনসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ গাছটি পড়ে যায়। এতে রুবেল গাছের নিচে চাপা পড়েন এবং একটি ডাল তাঁর পেটে ঢুকে গুরুতর আঘাত করে।

স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জুলমত খাঁন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাছটি অর্ধেক কেটে পুকুরে পড়ে থাকা ডালপালা তুলছিলাম। হঠাৎ গাছটি পড়ে যায়। এতে আমার ছেলে রুবেল চাপা পড়ে এবং একটি ডাল তার পেটে ঢুকে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহফুজা আক্তার বলেন, রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৪ ● ১৯ বার পঠিত