বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
কাউখালীতে গাঁজাগাছসহ যুবক গ্রেপ্তার
হোম » পিরোজপুর » কাউখালীতে গাঁজাগাছসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে কাউখালী থানার এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে, এসআই মাসুদ আল মামুন ও এএসআই (নিঃ) মো. খায়রুল হাসানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবু হাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা পাতা ও মূলসহ ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু হাওলাদার বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগাছটি চাষাবাদ করার কথা স্বীকার করেছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদারকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপণ ও পরিচর্যার অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৪:৫৭:২৬ ● ৬৮ বার পঠিত
