সোমবার ● ২৯ জুন ২০২৬

ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

হোম » লিড নিউজ » ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে।

 

রোববার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল ৯টায় জানাজা শেষে নিহত মনোয়ারা বেগমের (৪৩) মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন মনোয়ারা বেগম। পথে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মনজিল মোরশেদ বলেন, ‘দুর্ঘটনায় আহত ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৩ ● ২৬ বার পঠিত