সোমবার ● ২৯ জুন ২০২৬
বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় খালে ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ
হোম » বরিশাল » বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় খালে ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় একটি আয়রন ব্রিজ খালে ভেঙে পড়েছে। এতে পাঁচটি ইউনিয়নের মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ‘এমভি রাইয়ান’ নামের একটি বালুবাহী বাল্কহেড জনতাহাট, ইলুহার ইউনিয়ন পরিষদ ও মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন আয়রন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের লোহার পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ব্রিজের মাঝামাঝি অংশ ভেঙে খালে পড়ে যায় এবং বাল্কহেডটি ব্রিজের নিচে আটকা পড়ে।
ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন বিষয়টি তাৎক্ষণিকভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমানকে অবহিত করেন। পরে ইউএনওর নির্দেশে বাল্কহেডটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার নান্দুহার গ্রামের রাজিব বাল্কহেডটির মালিক।
রোববার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে গুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙে পড়ায় বানারীপাড়ার ইলুহার, উদয়কাঠীসহ পাঁচটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে এ সড়ক ব্যবহার করে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলায় বাজার, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েক হাজার মানুষকে এখন বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চাঁন বলেন, ‘এ ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী থেকে উদয়কাঠী ও ইলুহার ইউনিয়ন হয়ে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।’ তিনি দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।
স্থানীয় ইজিবাইক চালকেরা সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, ব্রিজটি ভেঙে পড়ার কারণে তাদের এখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে উত্তর ইলুহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।
এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঢাকায় একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু তা অনুমোদন পায়নি। এখন বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ায় স্থানীয় এমপির মাধ্যমে নতুন করে প্রস্তাবনা পাঠিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান বলেন, ‘ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সময়: ১২:৩০:১৩ ● ২২ বার পঠিত
