রবিবার ● ২৮ জুন ২০২৬

বরগুনায় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

হোম » বরগুনা » বরগুনায় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

বরগুনায় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি সংস্থা কোডেকের মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্যোগে ৬০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) দুপুরে কোডেকের পরীরখাল শাখা কার্যালয়ে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর চন্দ্র সাহা।

 

আয়োজক সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার পরীরখাল ইউনিয়নসহ চারটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে এসব ধানের বীজ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মো. সজীব হোসেন বলেন, প্রান্তিক কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদনশীলতা বাড়াতে কোডেক নিয়মিত কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত মানের ধানের বীজ কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে।

 

বিশেষ অতিথি ও বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। প্রান্তিক কৃষকদের জন্য কোডেকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রধান অতিথি ভাস্কর চন্দ্র সাহা বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের ব্যবহার কৃষিকে আরও লাভজনক করে তুলছে। কৃষকদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও কৃষকের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অলিউল্লাহ ইমরান, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, ইউপি সদস্য মো. ইলিয়াস খান, কোডেক পরীরখাল শাখার ক্রেডিট অফিসার সোহেল রানা ও শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৫ ● ৫২ বার পঠিত