রবিবার ● ২৮ জুন ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে যুবক আটক, জড়িত থাকার কথা স্বীকার
হোম » বরগুনা » ডাকাতির প্রস্তুতিকালে যুবক আটক, জড়িত থাকার কথা স্বীকার
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে আলহাজ্ব ফকির (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলার মহিষকাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রবিবার ( ২৮ জুন) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে আটক আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তার সহযোগীদের সম্পর্কেও তথ্য দিয়েছেন। আগামীকাল সোমবার ( ২৯ জুন ) তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তেমন সফল হয়নি। এরই মধ্যে শনিবার (২৭ জুন) গভীর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে আলহাজ্ব ফকিরকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক আলহাজ্ব ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তিনি রাসেল ফকিরের ছেলে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, আটক আলহাজ্ব ফকির জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। তার সঙ্গে কারা জড়িত ছিল সে সম্পর্কেও তথ্য দিয়েছে। তাকে সোমবার ( ২৯ জুন ) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫০:১০ ● ২৬ বার পঠিত
