রবিবার ● ২৮ জুন ২০২৬
চরফ্যাশনে প্রধান শিক্ষকের নির্দেশে হামলার অভিযোগ, হাসপাতালে সহকারী শিক্ষক
হোম » ভোলা » চরফ্যাশনে প্রধান শিক্ষকের নির্দেশে হামলার অভিযোগ, হাসপাতালে সহকারী শিক্ষক
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার করিমপাড়ায় আকতার হোসেন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরের পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক দাবি করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে তার ওপর হামলা চালানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আকতার হোসেন জানান, তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা ১৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, ‘প্রধান শিক্ষক নিজে এবং অন্য লোকজনের মাধ্যমে আমাকে পা ভেঙে দেওয়া ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন।’
আকতার হোসেনের দাবি, গত ২৭ জুন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে করিমপাড়া এলাকায় পৌঁছালে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের নির্দেশে তার ভাগিনা, ভাতিজাসহ ৬-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এতে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
আহত শিক্ষকের ভাই রিয়াদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করি।’
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, মারধরের ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ। তিনি বলেন, ‘শিক্ষক আকতার হোসেন তার ফেসবুক আইডিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট করেছেন। এ কারণে কে বা কারা তার ওপর হামলা করেছে, তা আমার জানা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষক আকতার হোসেন মোবাইল ফোনে তার ওপর হামলার বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:৫০:৫১ ● ৩১ বার পঠিত
