রবিবার ● ২৮ জুন ২০২৬
সংবাদ প্রকাশের জেরে কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
হোম » গণমাধ্যম » সংবাদ প্রকাশের জেরে কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের মাছ বাজারসংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জেম হোসেন ‘দৈনিক আজকের পত্রিকা’ এর কলাপাড়া প্রতিনিধি এবং উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম হোসেন বলেন, শনিবার রাত ৮টার দিকে তিনি একটি মোবাইল সার্ভিসিং দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ৭-৮ জন তাঁর ওপর দুই দফা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তাঁর বোনের বসতবাড়িতে হামলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কথা বলতে রাজি হননি।
তবে অভিযুক্ত বেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলাম। সন্ধ্যার পর এলাকায় ফিরে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। কে বা কারা হামলা করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। আমিও অন্যদের কাছ থেকে ঘটনাটি শুনেছি।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ সাংবাদিকদের বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনার খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদার বলেন, আহত সাংবাদিককে দেখতে আমি এবং দলের অনেক নেতাকর্মী হাসপাতালে গিয়েছি। সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি জেনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:৪১:০৪ ● ৩৪ বার পঠিত
