মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬

নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরার ‘চাই’ হাট

হোম » পিরোজপুর » নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরার ‘চাই’ হাট
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরার ‘চাই’ হাট

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

বর্ষায় নতুন পানি আসার সঙ্গে সঙ্গে খাল-বিল ও নদ-নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের আনাগোনা বাড়ে। আর এসব মাছ ধরতে ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী বাঁশের তৈরি চাই, দুয়ারি ও খাদোইন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান ও শ্রীরামকাঠি বাজারে এখন জমে উঠেছে মাছ ধরার চাইয়ের হাট। সপ্তাহে দুই দিন বসা এ হাটে খুচরা ও পাইকারি পর্যায়ে হাজার হাজার চাই বিক্রি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার চাই ও দুয়ারি তৈরির সঙ্গে জড়িত। বর্ষা মৌসুমের প্রায় ছয় মাস তারা এসব মাছ ধরার উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করেন।

তল্লা ও কালিজিরা বাঁশ দিয়ে তৈরি হয় এসব চাই। একটি বাঁশ থেকে সাধারণত সাত থেকে আটটি চাই তৈরি করা সম্ভব। তবে একজন দক্ষ কারিগর দিনে পাঁচ থেকে ছয়টির বেশি চাই তৈরি করতে পারেন না। বাজারে এক কুড়ি চাই তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতিটি চাই ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। চাই তৈরির জন্য ব্যবহৃত প্রতিটি বাঁশের দাম ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

চাই তৈরির কারিগর সুদেব বৈরাগী বলেন, আমাদের পরিবারের সবাই মিলে বর্ষা মৌসুমের ছয় মাস চাই তৈরির কাজ করি। বাঁশ কেনা থেকে শুরু করে পুরো চাই তৈরি করতে যে পরিমাণ শ্রম ও খরচ হয়, সে তুলনায় লাভ খুব বেশি হয় না। তাছাড়া এই ঐতিহ্যবাহী শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিস জানায়, মে থেকে জুলাই মাস পর্যন্ত অধিকাংশ মাছের প্রজনন মৌসুম। এ সময়ে মা মাছ সংরক্ষণের জন্য জেলেদের বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ যন্ত্র বা জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২২:৪৩ ● ১৭ বার পঠিত