সোমবার ● ২২ জুন ২০২৬

নাজিরপুরে ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক

হোম » পিরোজপুর » নাজিরপুরে ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক
সোমবার ● ২২ জুন ২০২৬


নাজিরপুরে ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়কসাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে মাত্র আট বছরের মাথায় ঐতিহ্যবাহী কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুমে পুরো সড়কটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নাজিরপুর ও বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

 

স্থানীয়দের মতে, নাজিরপুর উপজেলার অধিকাংশ জনগোষ্ঠীর নদী পারাপারের একমাত্র মাধ্যম এই কালিগঙ্গা সেতু। ২০১৮ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেতুটির উদ্বোধন করা হলেও মাত্র আট বছরের মধ্যেই এর সংযোগ সড়ক ধসে পড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করেছে। তাদের দাবি, নিয়ম অনুযায়ী অ্যাপ্রোচ সড়কে পর্যাপ্ত মাটি না দিয়ে সস্তায় ভিট বালু দিয়ে উঁচু করে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছিল। বর্ষার শুরুতেই সেই বালু ধসে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

 

এ সেতু দিয়ে প্রতিদিন ডাব, কলা, নারকেল, সুপারি ও ধান-সবজি বোঝাই শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন চলাচল করে। বিকল্প সড়ক না থাকায় দ্রুত ব্যবস্থা না নিলে জেলা শহরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

নাজিরপুর-বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষ নাজিরপুর ও পিরোজপুর জেলা শহর, আদালত এবং বিভিন্ন দাপ্তরিক কাজে এই সড়কের ওপর নির্ভরশীল। তবে সড়কের এমন ভয়াবহ ধসের পরও সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাজিরপুর এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।

 

বিদ্যুৎ ও সড়ক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেছেন এলাকাবাসী।

 

অন্যদিকে, পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেন, আমি ইতিমধ্যেই এক্সইএন (এলজিইডি) ও উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) সাথে কথা বলেছি এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছি। এই মুহুর্তে চাহিদামাফিক বরাদ্দ না থাকায় জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত জায়াগার সংস্কার করা হবে এবং ইনশাআল্লাহ বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে অতিদ্রুত ভেঙ্গে পাড়া রাস্তা কার্পেটিং করাসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করা হবে।

 

ঝুঁকিপূর্ণ এই সংযোগ সড়ক দ্রুত সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৬ ● ২৪ বার পঠিত