সোমবার ● ২২ জুন ২০২৬

ভুল চিকিৎসার অভিযোগ গৌরনদীতে তরুণীর ৬ বছর ভোগান্তি, পুনরায় অপারেশনের পর সুস্থ

হোম » বরিশাল » ভুল চিকিৎসার অভিযোগ গৌরনদীতে তরুণীর ৬ বছর ভোগান্তি, পুনরায় অপারেশনের পর সুস্থ
সোমবার ● ২২ জুন ২০২৬


গৌরনদীতে তরুণীর ৬ বছর ভোগান্তি, পুনরায় অপারেশনের পর সুস্থসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদীতে ভুল চিকিৎসার কারণে দীর্ঘ ছয় বছর ধরে তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভোগার অভিযোগ তুলেছেন তন্নী আক্তার নামের এক তরুণী। পুনরায় অপারেশনের মাধ্যমে বর্তমানে তিনি সুস্থ হলেও ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ এপ্রিল গৌরনদী উপজেলার সুইস হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস সমস্যায় ভর্তি হন মো. মোজাম চৌকিদারের মেয়ে তন্নী আক্তার। সেখানে তৎকালীন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. এনামুল হক তার অ্যাপেন্ডিক্স অপারেশন সম্পন্ন করেন।

 

অভিযোগ অনুযায়ী, অপারেশনের কিছুদিন পর থেকেই তন্নীর পেটে পুনরায় তীব্র ব্যথা শুরু হয়। দীর্ঘ ছয় বছর ধরে ব্যথানাশক ওষুধ সেবনের মাধ্যমে সাময়িক স্বস্তি পেলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

 

পরবর্তীতে গত ১ মে ২০২৬ তারিখে তিনি বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের বিভাগীয় প্রধান ডাঃ নাজিমুল হকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি পুনরায় অ্যাপেন্ডিক্স অপারেশনের পরামর্শ দেন। দ্বিতীয়বার অপারেশনের পর চিকিৎসক জানান, প্রথমবার মূলত অ্যাপেন্ডিক্সের সঠিক অপারেশন করা হয়নি, যার কারণে দীর্ঘদিন ধরে তিনি ব্যথায় ভুগছিলেন।

 

ভুল চিকিৎসার বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক ডাঃ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে তৎকালীন সুইস হাসপাতালের পরিচালক রূপা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি চিকিৎসকের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে ১৫ দিন অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

ভুক্তভোগী তন্নী আক্তার জানান, দীর্ঘ ছয় বছর ধরে ভুল চিকিৎসার কারণে তাকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৮ ● ২২ বার পঠিত