সোমবার ● ২২ জুন ২০২৬
বরগুনা স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন গ্রেফতার, জেলহাজতে পাঠানোর নির্দেশ আদালতের
হোম » বরগুনা » বরগুনা স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন গ্রেফতার, জেলহাজতে পাঠানোর নির্দেশ আদালতের
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার বিকেলে (২২ জুন) তাকে বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।
জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনা কলেজ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার বিকেলে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।
বরগুনার ঢলুয়া গ্রামের বাদল নামের এক ব্যক্তি বাদি হয়ে বরগুনা থানায় ২০২৫ সালে বিস্ফোরক ও অপহরণের একটি মামলা করেন। ওই মামলায় স্বপনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।
স্বপনের এক আত্মীয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোসলেম আলী শরীফ প্রায় ১০ বছর আগে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। পরিবারের এক ভাই প্রতিবন্ধী এবং মা দুই বছর আগে মারা গেছেন। তিনি আরও জানান, বাবা বয়স ও অসুস্থতার কারণে একা চলাফেরাও করতে পারেন না, আর স্বপনই তাকে দেখাশোনা করতেন।
অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপপরিদর্শক মো. আজিজ জানান, বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের বিভিন্ন সময়ে সংঘটিত তিনটি নাশকতার ঘটনার অভিযোগে মামলাটি রুজু হয়। এ মামলায় তিনি সরাসরি এজাহারভুক্ত না হলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩০:০৮ ● ২৬ বার পঠিত
