রবিবার ● ২১ জুন ২০২৬

বনবিভাগের অভিযান: বাগেরহাটে ৪ বস্তা হরিণ ধরার ফাঁদসহ সরঞ্জাম জব্দ, ট্রলার উদ্ধার

হোম » খুলনা » বনবিভাগের অভিযান: বাগেরহাটে ৪ বস্তা হরিণ ধরার ফাঁদসহ সরঞ্জাম জব্দ, ট্রলার উদ্ধার
রবিবার ● ২১ জুন ২০২৬


বনবিভাগের অভিযান: বাগেরহাটে ৪ বস্তা হরিণ ধরার ফাঁদসহ সরঞ্জাম জব্দ, ট্রলার উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ৪ বস্তা নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, সংরক্ষিত বরফ, হরিণের মাংস ওজন করার পাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।

 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রোববার সকাল ৭টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা বেতমোর নদীর পাটাকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পেয়ে বনরক্ষীরা থামার নির্দেশ দেন। তবে শিকারীরা ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে দ্রুত লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়।

 

পরে ট্রলারটি তল্লাশি করে বনরক্ষীরা চার বস্তা নতুন তৈরি নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত বরফ, মাংস ওজন করার দাঁড়িপাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

 

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, একটি শিকারী চক্র রাতের বেলা সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিল। বনরক্ষীরা অভিযান চালালে শিকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার সুযোগে বড় ধরনের পরিকল্পনা নিয়ে চক্রটি বনে প্রবেশ করেছিল।

বাংলাদেশ সময়: ২০:২৩:৪১ ● ১৬ বার পঠিত