রবিবার ● ২১ জুন ২০২৬

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

হোম » বরগুনা » বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রবিবার ● ২১ জুন ২০২৬


বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পাঁচ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

 

রবিবার (২১ জুন) মামলাটি গ্রহণ করেন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি। একই সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে সাত দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলার নথি অনুযায়ী, প্রধান আসামি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার ছহেরাবাদ গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৮)। তার পাশাপাশি তার বাবা আবুল কালাম, মামা মো. শাহীন ও মা নাসিরুন বেগমকেও আসামি করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকেই স্বামী কামরুল ইসলাম পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালান। তাদের তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

 

চলতি মাসের ১৮ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী আবারও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে রাজি না হওয়ায় অন্যান্য আসামিদের প্ররোচনায় কামরুল ইসলাম প্রথমে স্ত্রীকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং মাটিতে ফেলে দেন। এরপর কোমরে বাঁধা গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অন্য আসামিরাও তাকে মারধর করেন।

 

ভুক্তভোগী জানান, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা সরে যায়। পরে তিনি বাবাকে ফোন করেন। বাবা এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যান।

 

তিনি আরও জানান,শনিবার (২০ জুন) বিকেলে পাথরঘাটা থানায় মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

 

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি এনামুল হক এনামকে ক্লোজড করা থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে প্রধান আসামি কামরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩০ ● ২৪ বার পঠিত