রবিবার ● ২১ জুন ২০২৬
বাগেরহাটে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
হোম » খুলনা » বাগেরহাটে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
নৌবাহিনীর চাকুরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনতাই এবং ঘরবাড়ি দখলের অভিযোগ তুলেছেন তার সৎ বোন ফারহানা তাবাসসুম। রোববার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও প্রয়াত অ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম বলেন, ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকজন নিয়ে তাকে ও তার মাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেন। পরে ঘরে তালা ঝুলিয়ে স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান দলিলপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি দাবি করেন, খুলনা শহরের ৫০ নম্বর হাজী মহসিন রোডে তিন শতক জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়ি, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা, সেখান থেকে তাদের বঞ্চিত করতেই গ্রামীণ সম্পত্তি ও দলিলপত্র জোরপূর্বক দখলের ষড়যন্ত্র করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৮ জানুয়ারি ফারজানা তন্নীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ফারহানা ও তার মায়ের ওপর হামলা চালায়। এতে ফারহানার মায়ের মাথা ফেটে যায়। পরে থানা পুলিশের উপস্থিতিতেও তাদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তারা আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি দখলের ধারাবাহিকতায় গত ১৬ ও ১৭ জুন স্থানীয় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহার ইসলাম সাজু এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল হাওলাদারের দোকানেও হামলা ও অবৈধ উচ্ছেদের চেষ্টা চালানো হয়। তবে স্থানীয় সাধারণ মানুষ ও নারীরা ঐক্যবদ্ধ হয়ে ওই চেষ্টা প্রতিরোধ করেন।
ফারহানা তাবাসসুম বলেন, বর্তমানে আমরা এতিম ও অসহায় পরিবার জীবননাশের হুমকি ও চরম আতঙ্কের মধ্যে পালিয়ে বেড়াচ্ছি। তন্নী ও তার সহযোগীরা পারিবারিক সমস্যাকে রাজনৈতিক রূপ দিয়ে প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ফারজানা তন্নী ও তার সহযোগীদের কবল থেকে মুক্তি, নিজেদের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৯ ● ২২ বার পঠিত
