শনিবার ● ২০ জুন ২০২৬
মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি
হোম » পটুয়াখালী » মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় ভাসমান মান্তা সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা মান্তা সম্প্রদায়ের কয়েকটি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১৩ জুন স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন এলাকাটি পরিদর্শন করে মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন সংকট সম্পর্কে অবগত হন। পরে সংগঠনের উদ্যোগে তাদের জন্য এ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়।
মান্তা সম্প্রদায়ের মানুষের নিজস্ব কোনো জমি বা স্থায়ী বসতি নেই। তারা নদী ও খালের তীরে নৌকায় বসবাস করে মাছ ধরা ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ভূমিহীনতা, নদীভাঙন ও বিভিন্ন সামাজিক সংকটের কারণে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি মান্তা সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজীসহ অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০:০২:১০ ● ১৩৬ বার পঠিত
