শনিবার ● ২০ জুন ২০২৬

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

হোম » পিরোজপুর » নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু
শনিবার ● ২০ জুন ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু খাগড়াছড়ি জেলার মো. মহাসিন মিয়ার ছেলে। তারা খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

 

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

 

পরে তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, ‘শিশু দুটিকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে।’

 

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একসঙ্গে দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ৫:৫২:০৯ ● ২০ বার পঠিত