বুধবার ● ১৭ জুন ২০২৬
৩ দিন পর মুক্তিপণে ফিরলেন ৫ জেলে, আহত একজন হাসপাতালে
হোম » খুলনা » ৩ দিন পর মুক্তিপণে ফিরলেন ৫ জেলে, আহত একজন হাসপাতালে
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা মুক্তি পান। তবে অপহরণের সময় দস্যুদের মারধরে গুরুতর আহত হওয়ায় শরীফুল ইসলাম (৩০) নামে এক জেলেকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফিরে আসা জেলেরা হলেন-বাগেরহাটের বগা এলাকার হানিফ, জাকির, শাহিন ও আকুব্বর এবং রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের শরীফুল ইসলাম।
জেলেদের মহাজন সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলাচরের অদূরে লইট্রাখালী এলাকার একটি খালে মাছ ধরছিলেন তারা। এ সময় বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’ অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি ট্রলার থেকে পাঁচ জেলেকে জিম্মি করে নিজেদের ট্রলারে তুলে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে দস্যুরা জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জনপ্রতি ৪০ হাজার টাকা করে মুক্তিপণ পরিশোধের পর বুধবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। জিম্মি অবস্থায় শরীফুল ইসলামকে বেদম মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাটের বগা এলাকার এক জেলে মহাজন বলেন, ১৪ জুন রাতে লইট্রাখালী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দেওয়ার পর সকালে দস্যুরা তাদের ছেড়ে দেয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশিদ বলেন, বনদস্যুদের মারধরে আহত এক জেলে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে বন বিভাগের দুবলাচর ফরেস্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, লইট্রাখালী এলাকায় জেলে অপহরণের বিষয়টি তারা শুনেছেন। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ২০:২৪:০০ ● ২১ বার পঠিত
