বুধবার ● ১৭ জুন ২০২৬

পবিপ্রবি’র হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » পবিপ্রবি’র হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬


পবিপ্রবি’র হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষাক্রম আধুনিকীকরণ এবং এর বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রারম্ভিক কর্মশালা আজ (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হিট উপ-প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। কর্মশালায় সভাপতিত্ব করেন সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকলে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন সম্ভব। তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে এবং মাঠপর্যায়ে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে তা দক্ষতায় রূপান্তর করে। এ দুয়ের সমন্বয়ে গড়ে ওঠে প্রকৃত কোয়ালিটি গ্রাজুয়েট।” তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে প্রাকটিক্যাল শিক্ষার ওপর আরও গুরুত্বারোপের আহ্বান জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ। সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উন্মুক্ত আলোচনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন।

দুপুর আড়াইটা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী। এরপর ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত আলোচনা করেন প্রফেসর ড. মো. কামরুল হাসান এবং ৪টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত আলোচনা করেন প্রফেসর এটিএম সানাউল হক। সর্বশেষ ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত প্রশিক্ষণের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৩ ● ১৮ বার পঠিত