বুধবার ● ১৭ জুন ২০২৬
পিরোজপুরে যৌন হয়রানির বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
হোম » পিরোজপুর » পিরোজপুরে যৌন হয়রানির বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত এক শিক্ষকের বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
অভিযুক্ত হিসেবে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর ভুক্তভোগী ছাত্রী তার পরিবারকে ঘটনার বিষয়টি জানায়। পরে তার বাবা দিলীপ কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর চাপ সৃষ্টি করে অভিযোগ প্রত্যাহার বা সমঝোতার চেষ্টা করা হয় এবং এসএসসি পরীক্ষাসহ ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয়টি সামনে এনে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
মামুনুর রশিদ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ঘটনায় পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৩ ● ৯৮ বার পঠিত
