মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

কাউখালীতে নজর কাড়ছে আর্জেন্টিনার পতাকায় সজ্জিত ব্রিজ

হোম » পিরোজপুর » কাউখালীতে নজর কাড়ছে আর্জেন্টিনার পতাকায় সজ্জিত ব্রিজ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


কাউখালীতে নজর কাড়ছে আর্জেন্টিনার পতাকায় সজ্জিত ব্রিজ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন স্থানের মতো পিরোজপুরের কাউখালী উপজেলাতেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস দেখা গেছে। আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে উপজেলার একটি ব্রিজ ও আশপাশের সড়কজুড়ে শত শত আর্জেন্টিনার পতাকা ও নান্দনিক সাজসজ্জা করা হয়েছে। এতে পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’।

উপজেলা সদরের এস বি সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন বড় ব্রিজটি আকাশি ও সাদা রঙে সজ্জিত করা হয়েছে। ব্রিজের দুই পাশসহ আশপাশের এলাকায় অসংখ্য আর্জেন্টিনার পতাকা টানানো হয়েছে। বাতাসে দোলতে থাকা এসব পতাকা ও বর্ণিল সাজসজ্জা দূর থেকেই পথচারীদের দৃষ্টি কাড়ছে।

প্রতিদিনই ব্রিজটি দেখতে ভিড় করছেন শত শত আর্জেন্টিনা সমর্থক ও সাধারণ দর্শনার্থী। অনেকে স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে স্থানটি ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সারদা সুন্দরী সড়কের কুন্ডু বাড়ি সংলগ্ন এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক আর্জেন্টিনার পতাকা টানানো হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামেও বড় আকারের পতাকা উড়ছে। পাশাপাশি বিভিন্ন স্থাপনা, সেতু, ফেরিঘাট, লঞ্চঘাট, স্টিমারঘাট ও বহুতল ভবনেও আর্জেন্টিনার পতাকার আদলে সাজসজ্জা করা হয়েছে। এমনকি একটি উঁচু মোবাইল টাওয়ারেও দেখা গেছে আর্জেন্টিনার পতাকা।

আর্জেন্টিনা সমর্থক ছগির মাহমুদ বাচ্চু বলেন, উপজেলায় ব্রাজিল সমর্থকরাও কয়েকশ’ পতাকা টানিয়েছেন। তবে আর্জেন্টিনা সমর্থকরা দুই হাজারের বেশি পতাকা দিয়ে বিভিন্ন এলাকা সাজিয়েছেন। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং প্রিয় দল ও মেসির প্রতি ভালোবাসার প্রকাশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলকে কেন্দ্র করে এমন উৎসবমুখর আয়োজন এলাকায় আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।

বিশ্ব ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যত বাড়ছে, ততই আর্জেন্টিনার পতাকায় সজ্জিত কাউখালীর এই ব্রিজ ও আশপাশের এলাকা দর্শনার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। স্থানীয়দের প্রত্যাশা, ফুটবলপ্রেমীদের এ ব্যতিক্রমী আয়োজন দীর্ঘদিন মানুষের মনে আনন্দের খোরাক জোগাবে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:৫৬ ● ২২ বার পঠিত