মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার হাচনাইন পারভেজ

হোম » বরগুনা » বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার হাচনাইন পারভেজ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার হাচনাইন পারভেজসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেলার ছয়টি থানার মধ্যে মে মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

 

সোমবার (১৫ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা তার হাতে শ্রেষ্ঠত্বের সনদ তুলে দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত কর্মকর্তাদের মে মাসের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ অবদানের ভিত্তিতে মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

 

এ ছাড়া মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখায় আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়ালী উল্লাহকে সম্মাননা দেওয়া হয়। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন আমতলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন সিকদার। একই ক্যাটাগরিতে সম্মাননা পান বরগুনায় কর্মরত এএসআই মো. মাইনুল ইসলাম।

 

অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, চাকরি জীবনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাওয়া দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগায়। আমি বাংলাদেশ পুলিশ এবং বরগুনার সুযোগ্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, পুলিশ বিভাগে ভালো কাজ ও সততার জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থাও আছে। ভালো কাজের কোনো বিকল্প নেই। যারা দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারা ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি অর্জন করবেন।

বাংলাদেশ সময়: ১৪:২০:০৮ ● ৩৩ বার পঠিত