সোমবার ● ১৫ জুন ২০২৬
নাজিরপুরে গভীর রাতে বসতঘরে আগুন, সর্বস্ব পুড়ে ছাই
হোম » পিরোজপুর » নাজিরপুরে গভীর রাতে বসতঘরে আগুন, সর্বস্ব পুড়ে ছাই![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকশি গ্রামে আব্দুল হান্নান শেখের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৩ জুন) রাত ৩টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকশি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুল হান্নান শেখ অভিযোগ করেন, জীবিকার তাগিদে পরিবারের সদস্যদের নিয়ে তিনি প্রায় এক মাস ধরে ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে ১৩ জুন রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা ফাঁকা বাড়ির কাঠের জানালা খুলে ঘরের ভেতরে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়ার গন্ধ পেয়ে পাশের ঘরে থাকা তার ভাতিজা ফেরদৌস শেখ ঘুম থেকে জেগে আগুন দেখতে পান এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের তোষক, কম্বলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
এ ঘটনায় আব্দুল হান্নান শেখ নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৪ ● ৩১ বার পঠিত
