রবিবার ● ১৪ জুন ২০২৬

চরফ্যাশনের মায়া নদীতে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩

হোম » ভোলা » চরফ্যাশনের মায়া নদীতে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
রবিবার ● ১৪ জুন ২০২৬


চরফ্যাশনের মায়া নদীতে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে ৩ জন জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা শশীভূষণ থানা এলাকার মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের প্রায় ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে ৩ জন জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তারা চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৬ ● ৩০ বার পঠিত