রবিবার ● ১৪ জুন ২০২৬

জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন

হোম » বরিশাল » জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন
রবিবার ● ১৪ জুন ২০২৬


মো. হাবিবুর রহমান রিপনসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান রিপন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

 

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে স্থানীয় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বলে জানান।

 

হাবিবুর রহমান রিপন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে তিনি মামলা ও হামলার শিকার হন। একাধিকবার কারাবরণ করলেও তিনি দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যান।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে১ তিনি স্থানীয় জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে।

 

হাবিবুর রহমান রিপন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা মামলা-হামলার শিকার হয়েছি। তবুও জনগণের সেবা থেকে কখনো সরে যাইনি। তিনবার নির্বাচিত ইউপি সদস্য হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আমার কর্ম ও জনসেবার মূল্যায়ন করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরনগর ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন এবং তাদের আরও বৃহত্তর পরিসরে সেবা করার সুযোগ দেবেন।

 

তিনি আগামী নির্বাচনে সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৯ ● ১৯ বার পঠিত