শনিবার ● ১৩ জুন ২০২৬
মোরেলগঞ্জে ১০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ
হোম » লিড নিউজ » মোরেলগঞ্জে ১০ লাখ শলাকা নকল সিগারেট জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট কারখানার পাশের গোয়ালঘর থেকে প্রায় ১০ লাখ শলাকা নকল সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাই ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়ালঘরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল সিগারেট ছাড়াও কয়েক লাখ শলাকা উৎপাদন সামগ্রী ও যন্ত্রাংশ জব্দ করা হয়।
পুলিশ জানায়, একই অভিযানে চুরি হওয়া সিগারেট উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও মালামালও উদ্ধার করে মোরেলগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রিন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েক মাস আগে সিগারেট তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে শনিবার ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালানো হয়। তবে কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং মালিকসহ কেউ উপস্থিত ছিলেন না।
অভিযানে বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন,
বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলো নকল বলে মনে হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, সোমনাথ দে নামের এক টোব্যাকো বিক্রয় প্রতিনিধি দাবি করেন, গত বছরের আগস্টের পর তার গ্রিন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকার মেশিন ও মালামাল চুরি হয়। পুলিশ অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করেছে এবং আরও উদ্ধারের আশা রয়েছে।
এদিকে মাসুদ করিম টিটু নামে আরেক বিক্রয় প্রতিনিধি অভিযোগ করে বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছেন। শনিবার কারখানার পাশের গোয়ালঘর থেকে অন্তত ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন।
বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৭ ● ১০ বার পঠিত
