শুক্রবার ● ১২ জুন ২০২৬

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে আহতের পর গণপিটুনিতে নিহত কথিত সন্ত্রাসী

হোম » বরগুনা » বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে আহতের পর গণপিটুনিতে নিহত কথিত সন্ত্রাসী
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

ইব্রাহিম হোসেন কালু। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার পর গ্রামবাসীর গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত ছিলেন। কয়েক দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। এরপর পুনরায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা তাতে বাধা দেন।

 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে কালু ও তার সহযোগীরা গোলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন কালু ও তার সহযোগীদের ধাওয়া করেন। একপর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু গুরুতর আহত হন। একই সময় তার সহযোগী তৌহিদও আহত হন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালুর মরদেহ এবং আহত তৌহিদকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তৌহিদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনার পর স্থানীয় লোকজনের গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালুর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৯ ● ৭৪ বার পঠিত