শুক্রবার ● ১২ জুন ২০২৬
বরগুনায় নিখোঁজ স্কুলছাত্রী সাভারে উদ্ধার, আটক ৪
হোম » বরগুনা » বরগুনায় নিখোঁজ স্কুলছাত্রী সাভারে উদ্ধার, আটক ৪
সাগরকন্য প্রতিবেদক, বরগুনা
বরগুনার এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় ঢাকার সাভার থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সাথী আক্তার মারিয়া (২৮), অর্থি আক্তার (১৭), জান্নাত আক্তার যতী (১৬) ও অপর এক নারী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন সকালে বরগুনা জেলা শহরের বরগুনা কালেক্টরেট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার জুঁই (১৩) নিখোঁজ হয়। এ ঘটনায় তার নানা মো. মজিবুল হক মধু বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জুঁইয়ের মা নয়নতারা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা থানা পুলিশের একটি দল ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি উত্তরপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে মিথিলা আক্তার জুঁইকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সাথী আক্তার মারিয়া, অর্থি আক্তার ও জান্নাত আক্তার যতীসহ চারজনকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের একটি অনলাইন গ্রুপের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তদন্তে আরও জানা যায়, গত ৬ জুন নাটোর থেকে জান্নাত আক্তার যতী এবং ৭ জুন ধামরাই থেকে অর্থি আক্তার সাভারের হেমায়েতপুরে সাথী আক্তার মারিয়ার বাসায় আসে। পরে মিথিলা আক্তার জুঁইয়ের অনুরোধে তারা একটি প্রাইভেটকার ভাড়া করে ৮ জুন সকালে বরগুনায় পৌঁছে। সকাল ৯টার দিকে বরগুনা কালেক্টরেট স্কুলের সামনে জুঁইয়ের সঙ্গে দেখা করে তাকে নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে তারা সাভারে সাথী আক্তার মারিয়ার এক সহকর্মীর ভাড়া বাসায় অবস্থান করছিল।
পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে জুঁইকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িতদের আটক করে।
বরগুনা থানার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া মিথিলা আক্তার জুঁইকে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৩ ● ১৬ বার পঠিত
